১১ দলীয় জোট চূড়ান্ত করেছে সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা

সংসদে যাচ্ছেন জুলাই শহীদের মা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের ১৩ সদস্যের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন সংরক্ষিত নারী প্রার্থীরা।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং জাগপা একটি, এনসিপি দু’টি, বাংলাদেশ খেলাফাত মজলিস একজন, জুলাই শহীদের মা একটি ।

জামায়াত থেকে যারা সংসদ সদস্য হচ্ছেন, তারা হলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

এনসিপির দু’জন হলেন দলের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম। এ ছাড়াও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে সংসদে নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

এ সময় হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীর কোনো আত্মীয়-স্বজনের কোটা নেই, যারা সমাজ ও দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, জাতির জন্য কাজ করবে, তারাই সংসদে যাবে। অন্য কোনো দলের নমিনেশন ফরম কেনাবেচার মতো সুযোগ নেই। শুধুমাত্র দল যাদেরকে মনোনীত করবে তারাই সংসদে যেতে পারবেন। এক্ষেত্রে দল বিবেচনা করেছে সৎ, দক্ষ, যোগ্য এবং রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্নদের। ১১ দলের মূল লক্ষ্য হবে জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করে দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কথা বলা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও এহসানুল মাহবুব যুবায়ের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির সেক্রেটারি জেনারেল খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।