রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইমরান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও থানাধীন মহাখালী পাগলার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। বর্তমানে তিনি মহাখালী এলাকায় থাকতেন।
ইমরানকে হাসপাতালে নিয়ে আসা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজীরন সোমা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ইমরান গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।