কাবাডির ২ বিভাগ ও ভলিবলে জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চীনের সানিয়া শহরে চলমান এশিয়ান বিচ গেমসে কাবাডির পুরুষ এবং নারী বিভাগেই পদকের আশা বাংলাদেশের। সে মিশনে গতকাল দুর্দান্ত জয় পেয়েছে পুুরুষ ও নারী দল। নারী দল প্রথম ম্যাচে দাপটের সাথে ৫১-৩৪ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ডকে। এরপর পুরুষ দল ৫৪-২৩ পয়েন্টে জয় পায় সিরিয়ার বিপক্ষে।

বাংলাদেশ পুরুষ দল সিরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশটি কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও লাভ হয়নি। লাল-সবুজরা তাদের আধিপত্য বজায় রাখে। ফলে ৩১ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় কোচ বাদশা মিয়ার দল। কোচ শাহনাজ পারভীন মালেকার গড়া নারী দল প্রথমার্ধে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ডের বিপক্ষে। শেষ পর্যন্ত শ্রাবণী , বৃষ্টি, খাদিজা, স্মৃতি আক্তাররা ১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে থাইল্যান্ডকে। আজ নারী দলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেপাল। এ নেপালের কাছে গত এশিয়ান গেমসে ম্যাটের লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ নারী দল।

এ দিকে বিচ ভলিবলে বাংলাদেশ ২-০ সেটে হারিয়েছে লাওসকে। প্রথম সেটে বাংলাদেশ ২১-৯ পয়েন্টে হারায় লাওদের। পরের সেটে তাদের জয় ২১-১০ এ।

তবে হ্যান্ডবলে আর আসেনি সুসংবাদ। এতে বাংলাদেশ হেরেছে কাতারের কাছে। ০-২ সেটে এ হার। কাতার ১৬-৬ পয়েন্টে প্রথম ম্যাচ জিতে নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৪-১২ পয়েন্টে জয় পায়। ফলে টানা দ্বিতীয় ম্যাচেও হারতে হলো বাংলাদেশকে। এর আগে তারা হেরেছিল মালদ্বীপের কাছে। আজ জর্দানের বিপক্ষে ম্যাচ লাল-সবুজদের।