বাংলাদেশ বিনির্মাণে ট্রেড ইউনিয়নের ভূমিকা অনস্বীকার্য : মুহাম্মদ শাহজাহান
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেছেন, শ্রমিক অঙ্গনের মূল শক্তি ট্রেড ইউনিয়ন সংগঠন। ট্রেড ইউনিয়ন সংগঠন সরকার কর্তৃক স্বীকৃত শ্রমিক সংগঠন। এই সংগঠন যখন শ্রমিকের অধিকার আদায়ের পক্ষে কথা বলে তখন সরকার তাদের কথা শুনতে বাধ্য হয়। তাদের দাবি-দাওয়া মেনে নিতে আলোচনা পর্যালোচনা জন্য বৈঠক আহ্বান করে। কাজেই ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ট্রেড ইউনিয়ন নেতাদের ভূমিকা অনস্বীকার্য।
তিনি গতকাল শুক্রবার চট্টগ্রামের বিআইএ মিলনায়তনে নগর ফেডারেশনের অন্তর্ভুক্ত ১৮টি ট্রেড ইউনিয়নের নবগঠিত কার্যকরী সদস্যদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নগর জামায়াতে ইসলামীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক লস্কর মো: তসলিম, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নগর ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরনবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: জাহাঙ্গীর আলমও পাঠাগার ও প্রকাশনা সম্পাদ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
মুহাম্মদ শাহজাহান বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে দেশের মানুষ স্বস্তির সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। এটি অন্তর্বর্তী সরকারের সাফল্য। আমরা অধিকাংশ সময়ে দলমতের বাইরে গিয়ে কারো প্রশংসা করতে পারি না। আগামীর বাংলাদেশে এই ধারার পরিবর্তন অনস্বীকার্য। বিগত ৫৩ বছরে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসেনি। ড. মুহাম্মদ ইউনুস একটি পরিবর্তনের দিকে দেশকে নিতে চাচ্ছেন। আমরা রাজনীতির সব ইতিবাচক সংস্কারকে স্বাগত জানাচ্ছি। একই সাথে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রতিনিধির রাষ্ট্রক্ষমতা অর্পণের জন্য সরকারকে তাগাদা দিচ্ছি।