মতলব উত্তরে তীররক্ষা বাঁধের জিও ব্যাগ লুট
Printed Edition
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীররক্ষা প্রকল্পে ব্যবহৃত জিও ব্যাগ (বালুভর্তি বড় বস্তা) লুটের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে নদীভাঙন প্রতিরোধে নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্পটি ঝুঁকির মুখে পড়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, কয়েকজন ব্যক্তি জিও ব্যাগ কেটে ভেতরের বালু ফেলে দিয়ে খালি বস্তা নিয়ে যাচ্ছেন। এভাবে ধারাবাহিকভাবে জিও ব্যাগ অপসারণ করা হলে তীররক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বর্ষা মৌসুমে বাড়ির আঙিনায় পানি জমে যায়। সেই পানি ঠেকাতে তারা এসব বস্তা ব্যবহার করছেন। দীর্ঘ দিন ধরে জিও ব্যাগগুলো পড়ে থাকায় তারা এগুলো নিয়ে যাচ্ছেন বলেও জানান।
তবে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জিও ব্যাগ সরিয়ে নেয়া হলে নদীভাঙন রোধের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি বেড়ে যেতে পারে। তারা অবিলম্বে জিও ব্যাগ সংরক্ষণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, বিষয়টি জানা মাত্র দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।