চার জেলায় নিহত ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
নীলফামারির জলঢাকায় এক নারী ইপিজেডকর্মীসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমি রানী রায় (৩৫) নামে এক নারী ইপিজেডকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে সুমি রানী রায় তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে কর্মস্থল উত্তরা ইপিজেডের উদ্দেশে রওনা দেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি নৈশকোচ দ্রুতগতিতে এসে পড়ে। সংঘর্ষ এড়াতে মোটরসাইকেলচালক ব্রেক করলে সড়কে ছিটকে পড়ে আরোহী সুমি। পরে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এরশাদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনায় আহত আরো চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাত জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের শাহা ইটভাটার সামনে আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন আলী (৩০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন আলী উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন আলী তার পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়া থেকে সন্তোষপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি আলমসাধু (স্থানীয় যাত্রীবাহী যান) আসছিল। সড়কের ওপর ইটের স্তূপ থাকায় দুই চালকের কেউই নিরাপদে পাশ কাটিয়ে যেতে পারেননি। এতে দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন আলী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো: নাজিম হোসাইন (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আবির নামে আরো এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম হোসাইন উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। নাজিম ও তার প্রতিবেশী আবিরসহ মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নাজিমের মৃত্যু হয়। অন্যদিকে আবিরকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেয়া হয়েছে।