মা-ছেলেসহ প্রাণ গেল ৯ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া খুলনা, জয়পুরহাট, কুমিল্লা ও যশোরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আরো সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

বীরগঞ্জে মা-ছেলে নিহত

বীরগঞ্জ-কাহারোল (দিনাজপুর)সংবাদদাতা জানান, বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- কাহারোল থানার মালগ্রামের মো: নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে আব্দুল্লাহ (৩ )।

জানা গেছে, ডাক্তার দেখাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মো: নাজমুল মোটরসাইকেলে ঠাঁকুরগাঁওয়ের গড়েয়াতে যাচ্ছিলেন। তারা উপজেলার পাঁচপীর হাইওয়ে মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি মাছের পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপটি শরীরের ওপর দিয়ে চলে যাওয়ায় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাহিমা ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আর মো: নাজমুল বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

খুলনায় নিহত ২

খুলনা ব্যুরো জানায়, খুলনায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইকচালক পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া সনাতনকাঠি গ্রামের মৃত শেখ ওবায়দুল হকের ছেলে শেখ দিদারুল হক (৩০) ও যাত্রী একই ইউনিয়নের হরিদাস কাঠি বাড়ৈপাড়ার তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে সোয়া ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে খুলনা থেকে ছেড়ে যাওয়া সয়াবিন তেল ভর্তি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১০-০৯১২) নিয়ন্ত্রণ হারিয়ে ডুমুরিয়া থেকে খুলনাগামী দু’টি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় একটি ইজিবাইকের চালক শেখ দিদারুল হক ও যাত্রী তাপস হোর ওরফে সুনু হোর ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাটে নিহত ২

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল দুপুরে পাঁচবিবি থেকে জয়পুরহাটের দিকে যাওয়ার পথে একটি অটোরিকশাকে শিমুলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিকশাটিকে ধাক্কা দেয়।

এ সময় অটোরিকশার চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো পাঁচ নারী আহত হয়েছেন। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে। আহতরা হলেন, এই গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

লাকসামে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি ও লাকসাম সংবাদদাতা জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, নায়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের মৃত ননী মিয়ার ছেলে মো: মোস্তফা কামাল (৬০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার (৪২)। তিনি ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো: আবু জাফরের স্ত্রী। লাকসাম হাইওয়ে থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলাবাজারে সড়ক পার হওয়ার সময় হিমাচল পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তাসলিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন।

অপর দিকে একই দিন ভোর ৫টার দিকে ওই সড়কের বিপুলাসার বাজারের অদূরে কাঁচি নামক স্থানে নীলাচল পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে কমপক্ষে ১৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানোর হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

চৌগাছায় স্কুলছাত্র নিহত

চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণসাগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সেই ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

জানা যায়, মোস্তাফিজুর রহমান বাড়ির পাশে খেলছিল। এ সময় একজন বাঁদর নিয়ে খেলা দেখিয়ে চলে যাচ্ছিলেন। মোস্তাফিজুর সেই বাঁদরের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।