কক্সবাজারে বিপুল ইয়াবাসহ ৫ জন আটক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার দুপুরে অভিযান দু’টি চালানো হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা থেকে একটি কাভার্ডভ্যানে ইয়াবার বড় চালান চট্টগ্রামে যাবে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা চালানো হয়। ওই অভিযানে সন্দেহজনক কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। অন্য দিকে আরো একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় মিয়ানমার থেকে আসা একটি ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচরসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক পাচারকারীকে আটক করা হয়।
সুজন বলেন, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ডভ্যান এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।