সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামি জামিনে এসে বাদির ছেলেকে কোপাল

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হত্যা মামলার এক আসামি জামিনে এসে মামলার বাদির ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছে। গত রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সজিব মিয়াকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের মা সেতেরা বেগম বাদি হয়ে গত রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার বিগত ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালু চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো: জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামি করে নিহত হুমায়রা আক্তারের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ দিন কারাবাস শেষে গত ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসে শুক্কুর আলীর ছেলে সেলিম মিয়া ওরফে উদয়। জামিনে আসার পর থেকে মামলা তুলে নেয়ার জন্য বাদির পরিবারকে হুমকি দিয়ে আসছিল সেলিম মিয়া। গত রোববার বাদি সেতেরা বেগমের ছেলে চাকরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী ও সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা নিয়ে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সোনারগাঁও থানার ওসি মো: মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।