ব্যাংক ধ্বংসে পুনর্বাসন ষড়যন্ত্রের অভিযোগ সিলেট জামায়াত আমিরের
Printed Edition
সিলেট ব্যুরো
ব্যাংক খাত ধ্বংসের লক্ষ্যে লুটেরা ও কথিত ‘ব্যাংক ডাকাতদের’ পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু গোষ্ঠীর হাতে তা তুলে দেয়া হয়েছিল।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে দেশে পুনরায় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। একই সাথে তিনি সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সংস্কার কার্যক্রম ও ঘোষণার মধ্যে অসামঞ্জস্য রয়েছে।
ফখরুল ইসলাম আরো বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কার্যক্রম অব্যাহত থাকবে। ইউনিয়ন সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।