ফেনীতে ফসলি জমির মাটিকাটা নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা : ছাত্রদলের ৭ নেতাকর্মী আটক
Printed Edition
ফেনী অফিস
ফেনীর ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে শনিবার রাতে প্রতিপক্ষের মারধরে আবু আহমদ হোনা মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়ে আরো অন্তত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক সাতজনকে আটক করেছে। আটককৃতরা সবাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারি নির্দেশ উপেক্ষা করে দীর্ঘ দিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিল না। গত কয়েকদিন পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটিকাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হোনামিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত আবু আহমদ হোনা মিয়া (৩৫) পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) ও একই গ্রামের নূর আলম (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওই এলাকার বাসিন্দা কামাল উদ্দিন জানান, নির্বাচনের পর থেকে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল।
ছাগলনাইয়া থানার ওসি মো: কামরুল ইসলাম জানান, পূর্ব শিলুয়া গ্রামে মাটিকাটা নিয়ে গভীর রাতে দু’টি পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় একজন নিহত ও দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করে ফেনী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
মামলার প্রস্তুতি চলছে। মামলা রেকর্ডের পর আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আটককৃতরা হলেন- একই উপজেলার মটুয়া গ্রামের জাকির আহমদের ছেলে কামরুল হাসান জাহিদ (৩০), একই গ্রামের আবদুর রৌপের ছেলে ইসমাইল হোসেন মুন্না (২০), জাকির আহমদের ছেলে কামরুজ্জামান ফারুক (২৮), আবুল হাসেমের ছেলে মো: ইস্রাফিল (২৬) ও সফিকুর রহমানের ছেলে আজমিরুল ইসলাম (২৭), দক্ষিণ মটুয়ার মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান রকি (২৫), মীরসরাই উপজেলার হিছাছড়া গ্রামের নাছির উদ্দিন মজুমদারের ছেলে ফয়েজ মোহাম্মদ মাহাদী (৩০)। এদের মধ্যে জাহিদ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী। অন্যরা একই সংগঠনের নেতাকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।