ময়মনসিংহে জামিন ছাড়াই মুক্তি পাওয়া ৩ ভাই ফের গ্রেফতার
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন আদেশ ছাড়াই মুক্তি পাওয়া হত্যামামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যতারাটি গ্রামের হজরত আলীর ছেলে মো: আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, ২৭ জানুয়ারি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তার সহায়তায় তারাকান্দা থানার একটি হত্যামামলার তিন আসামি জামিন ছাড়াই মুক্তিলাভ করে পালিয়ে যায়। জামিন আদেশ ছাড়াই মুক্তি পাওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র্যাব-১৪ বিষয়টি নজরে নিয়ে অভিযান শুরু করে এবং ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফের কারাগারে পাঠানো হবে। এর আগে গত ২৩ জানুয়ারি র্যাব-১৪ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল। এ সময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: শামসুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র জেল সুপার মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারাগারের একজন কর্মকর্তা ‘ভুলবশত’ হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে মুক্তি দেন। ঘটনার পরপরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তদন্তে আরো কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।