সালথায় কাগদী খালের সেতু যেন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে পারাপার

Printed Edition
bangla-6
কাগদী খালের ওপর নির্মিত সেতুর মাঝখানে ধসে পড়ে গেছে : নয়া দিগন্ত

কাজী আফতাব হোসেন নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘ দিনের অবহেলা ও সংস্কারহীনতায় এখন এলাকাবাসীর জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হয়েছে। সেতুর ওপরের পাটাতন ভেঙে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্ত দিয়ে নিচে প্রবাহিত খালের পানি দেখা যায়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও নানা ধরনের যানবাহন এই সেতু দিয়ে পারাপার হচ্ছে।

সরেজমিন দেখা যায়, সেতুর পাটাতন ভেঙে মরিচা ধরা রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও কংক্রিট উঠে গিয়ে কাঠামো কঙ্কালসার রূপ নিয়েছে। ভারী যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে। ইতোমধ্যে কয়েক দফা অটোরিকশা ও ভ্যানের চাকা গর্তে আটকে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বিশেষ করে রাতের বেলায় আলো স্বল্পতার কারণে সেতু পারাপার আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ সেতুর পশ্চিম পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ অন্তত ১০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। পূর্ব পাশে রয়েছে কাগদী বাজার, কাগদী উচ্চবিদ্যালয় ও কলেজ। প্রতিদিন শত শত শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি রোগী এই সেতু ব্যবহার করেন। সেতুর নাজুক অবস্থার কারণে কৃষকেরা সময়মতো ফসল বাজারে নিতে পারছেন না এবং রোগী পরিবহনেও মারাত্মক ভোগান্তি দেখা দিচ্ছে।

কাগদী গ্রামের বাসিন্দা ডা: মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রায় ৭০ বছর আগে নির্মিত সেতুটি গত এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন আতঙ্ক নিয়ে এই সেতু ব্যবহার করছেন।

সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, সেতুটির অবস্থা পরিদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় একসাথে একটির বেশি যান চলাচল নিরাপদ নয়। নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।