বিভিন্ন স্থানে নিহত ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে ২ জনসহ বিভিন্ন স্থানে ৪ জন নিহত হয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন ৮ জন।
গতকাল শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নাসিম (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে আবুল হোসেন নামে এক যাত্রী মারা যায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মাইক্রো ১০ যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মাইক্রোর যাত্রী আবুল হোসেন মারা যায়।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার দুপুরের দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নুর আমিন (৫০), তিনি অটোরিকশার চালক ছিলেন। আহতরা হলেন- রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিন নিহত হন এবং যাত্রীরা আহত হন।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ১২ থেকে ১৪ বছর বসয়ী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রযোগে রাজৈরের দিকে আসতেছিল ওই কিশোর। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় মাহিন্দ্রটি। এতে ঘটনাস্থলে মারা যায় কিশোর, আহত হয় আরো দুইজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে হাইওয়ে পুলিশ।
নিহতের শরীরের পোশাক দেখে মাদরাসাছাত্র হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর দেয়া হয়েছে বেশ কয়েকটি মাদরাসায়।