গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশীর মৃত্যুতে জামায়াতের সেক্রেটারি জেনারেলের শোক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৮ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত ২৭ মার্চ জুমাবার উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী একটি রাবারের নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৮ জন বাংলাদেশীসহ মোট ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে পাড়ি জমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় রোধ করা সম্ভব নয়।