সংসদে ব্যারিস্টার নাজিব মোমেন

নিজামী-সাঈদী বিচারিক হত্যার শিকার হয়েছেন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককেই শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। অবিচারকে বিচার আর অনিয়মকে নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই ফ্যাসিবাদকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জুলাই ছাত্র-জনতার বিপ্লব অনিবার্য হয়ে পড়ে।

গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে স্মৃতিচারণ করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমেন বলেন, ১০-১২ বছরের একজন বালক হিসেবে এই সংসদের গ্যালারি থেকে আপনাদেরকে দেখেছিলাম। আজ দ্বিতীয় প্রজন্মের এমপি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। আজকে প্রধানমন্ত্রী যেখানে বসে আছেন, সেখানে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসতেন। এই সংসদে আমার শহীদ বাবা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মরহুম আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকাসহ অনেকেই ছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সন্তান হিসেবে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আমরা সবাই ফ্যাসিবাদের নির্যাতনের একটি কঠিন অধ্যায় পার করে এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে এক কাপড়ে তার বাসা ছাড়তে বাধ্য করা হয়েছিল, হামলা-মামলা করে তার ওপর নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে; একইভাবে আমার বাবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককেই শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে বিচারিক হত্যার শিকার হতে হয়েছে। আমাদের কাউকে কাউকে গুম করা হয়েছিল, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আজ আমরা এখানে শুধু আমাদের প্রতিনিধিত্ব করছি না; বরং সব নির্যাতিত পরিবারের প্রতিনিধিত্ব করছি।