ডরিয়েলটনের হ্যাটট্রিকে এগিয়ে বসুন্ধরা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
- ফর্টিস ২-৩ বসুন্ধরা কিংস
- ব্রাদার্স ১-২ ঢাকা আবাহনী
- পিডব্লিউডি ০-৩ আরামবাগ
সেপ্টেম্বরে ফেডারেশন কাপে এই ফর্টিস এফসির সাথে ড্র করেছিল বসুন্ধরা কিংস। এরপর ফর্টিসের ছুটে চলা ছিল স্বপ্নের মতো। তারা লিগের প্রথম পর্ব শেষে শীর্ষস্থানে ভাগ বসিয়েছিল বসুন্ধরা কিংসের সাথে। তবে জিততে পারেনি বসুন্ধরা কিংসের বিপক্ষে। তা না হলে এককভাবেই সবার উপরে থাকত। প্রথম পর্ব শেষে দুই দলেরই ছিল ১৮। ফিরতি পর্বেও জয়ে শুরু করেছিল দুই দল। তবে গতকাল পারস্পরিক ম্যাচে আবার প্রতিদ্বন্দ্বী দলটির কাছে হার। আর এতে শীর্ষস্থান হারাল ফর্টিস। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বসুন্ধরা কিংস। কিংস এরিনা একই সাথে বসুন্ধরা কিংস ও ফর্টিসের হোম ভেনু। গতকাল হোম ম্যাচ ছিল ফর্টিসের। তাদের বিপক্ষে এই ৫ গোলের ম্যাচে বসুন্ধরা কিংসের জয়ের নায়ক ডরিয়েলটন গোমেজ। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের হ্যাটিট্রিকেই বড় বাধা অতিক্রম দেশ সেরা ক্লাবের। ১১ খেলা শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৪। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ফর্টিস। কাল অন্য ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অন্য দিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিøউডিকে ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ।
কিংস এরিনায় বসুন্ধরা কিংস-ফর্টিসের ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা। একে একে ৫ গোল। প্রথমে বসুন্ধরা কিংসকে ভয় ধরিয়ে দিয়েছিল ফর্টিস। ১৯ মিনিটে গাম্বিয়ার পা ওমর বাবোউর পাস থেকে গোল করেন নাইজেরিয়ান ওনিকাচি ওকাফোর। অবশ্য ফর্টিস বেশিক্ষণ এই খুশিমন নিয়ে খেলতে পারেনি। ২৪ মিনিটে বক্সে রাকিব হোসেনকে ফাউল করেন ফর্টিসের আবদুল্লাহ ওমর। রেফারি আলমগীর হোসেনের দেয়া পেনাল্টি থেকে বসুন্ধরা কিংসকে খেলায় ফেরায় ডরিয়েলটন। ৫২ মিনিটে লিড নেয় রবের্তো মারিও কার্লোস গোমেজের দল। এবার ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে পা লাগিয়ে গোল করেন ডরিয়েলটন। বিরতির পরপরই এই লিড সুবিধাজনক অবস্থানেই নিয়ে যায় বসুন্ধরাকে। যদিও ৭৫ মিনিটে স্কোর ২-২ করে ফেলে মাসুদ পারভেজ কায়সারের দল। গোলটি দেশী কোটায় খেলা দুই সাফ দেশের ফুটবলারের সমন্বয়ে। ভুটানের দাওয়া শেরিংয়ের কর্নারে শট নিয়ে বসুন্ধরার শেষ প্রহরীকে পরাস্ত করেন নেপালের অনন্ত তামাং। তবে যাদের দলে আছেন ডরিয়েলটনের মতো স্ট্রাইকার তাদের একটু তো চিন্তামুক্ত হওয়ারই কথা। ৭৮ মিনিটে এই ব্রাজিলিয়ান গোল করে নিজের হ্যাটট্রিক যেমন পূরণ করেন তেমনি মহামূল্যবান তিন পয়েন্ট এনে দেন নিজ দলকে। যা একই সাথে দলকে নিয়ে গেছে এককভাবে শীর্ষে। এখন প্রশ্ন, ফর্টিসের এই যে পিছিয়ে পড়া তা থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে। অবশ্য বসুন্ধরা কিংস যদি পয়েন্ট না খোয়ায় তাহলে ফর্টিসের কোনো লাভই হবে না।
কাল অন্য ম্যাচে নাইজেরিয়ান এমেকা অগবগের জোড়া গোলে ঢাকা আবাহনী ২-১-এ হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। গোপীবাগের দলটির বিপক্ষে এই জয়ে আবাহনীও এখন শিরোপার স্বপ্ন দেখছে। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আকাশি নীল শিবির। বসুন্ধরার চেয়ে পিছিয়ে তারা ৫ পয়েন্টে। মারুফুল হকের দলের পক্ষে ৫ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন এমেকা। ৮৭ মিনিটে ব্রাদার্সের হয়ে গোল করেন পাকিস্তানী স্ট্রাইকার শায়েক দোস্ত। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল তার। হারের ফলে ব্রাদার্স ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে।
লিগে এত দিন সবার নিচে অবস্থান করছিল আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। কাল তারা নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। ঘানার কিতিজোর ৩১ ও ৪৩ মিনিটে করা জোড়া গোলে তাদের ৩-০তে জয়। ৭৪ মিনিটে তাদের অপর গোলটি আত্মঘাতীতে। ১১ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়ে আরামবাগ এখন ১০ দলের মধ্যে নমব স্থানে উঠে এসেছে। আর পুরো লিগে একটি মাত্র জয়ের দেখা পাওয়া পিডব্লিøউডির অবস্থান তলানিতে। ভাণ্ডারে পয়েন্ট ৭।