এসএসসির প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ২ সদস্য আটক

রাজধানীতে মাদক, আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণার অভিযোগে মো: সাজেদুল ইসলাম সাইফ ও তাউসিফ রহমান রিসাদ নামে দু’জনকে আটক করেছে র‌্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রথ্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রথ্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

র‌্যাব জানায়, অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে চক্রের দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও নগদ তিন হাজার ৭০০ টাকা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় ছয় মাস আগে ‘ব্যাট ম্যান ও ‘ব্যাট ম্যান’ নামে টেলিগ্রামে গ্রুপ খুলে প্রতারণা শুরু করেন। তারা ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলেন।

৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার : হাতিরঝিল থানার বহুল আলোচিত তামিম হত্যা মামলার পলাতক আসামি মো: রায়হান শুভকে (২৩) ঘটনার প্রায় ৬ বছর পর গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ও এলআইসির একটি যৌথ টিম কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২০ সালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশে ফুটপাথে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম মো: তামিমকে হত্যার উদ্দেশে আসামি মো: সাব্বির ও মো: শাওনসহ রায়হান শুভ গলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা হাতিরঝিল থানায় মামলা করেন। আগে গ্রেফতার দুই আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়হান শুভর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে শুভ।

পল্লবীতে বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ শুটার বৃন্দা রনি গ্রেফতার : পল্লবী থানাধীন সেকশন-১২ এর শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে ৪ মামলার আসামি শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি জব্দ করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া বিভাগ এই তথথ্য নিশ্চিত করে জানায়, গত ২১ মার্চ রাতে পল্লবীর আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আসামিসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের নামে মামলা করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক আদালতে বিচারাধীন রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

২৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার : রাজধানীর উত্তরা ৯ নং সেক্টরের আব্দুল্লাহপুর এলাকার তাসিন সিএনজি পাম্পের পাশে অভিযান চালিয়ে দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তারা হলেন- মো: জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) ও সামিদুল ইসলাম (১৯)।