স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় টাইগ্রেসদের

Printed Edition
khela-1
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি : আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে আগেই পাঁচ ম্যাচের পাঁচটি জিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গতকাল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ফিফটির পর মারুফা আক্তারের বোলিং তোপে স্কটিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টি-২০তে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

আগামী মাসের ৭ তারিখ শুরু হতে যাচ্ছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগে ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি সে আবেদন নাকচ করে টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করে স্কটল্যান্ডকে। মাঠের পারফরম্যান্সে সেই স্কটিশদেরকে উড়িয়ে উদযাপনও করল টাইগ্রেসরা।

নেপালের কীর্তিপুরে গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে টাইগ্রেসরা। এই রান তুলতে বড় অবদান ছিল অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির। তবে শুরুটা চমৎকার করেছিলেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ৮ ওভারে দুই ওপেনার যোগ করেন ৬৮ রান। ২৮ বলে ৩৯ রানে ফেরেন দিলারা। ২২ বলে ২২ রান করে থামেন জুয়াইরিয়া। তিনে নেমে ভালো শুরুর পর ১০ বলে ১৫ করে রানআউট হয়ে ফেরেন শারমিন আক্তার। সেখান থেকে নিগার ও সোবহানার চতুর্থ উইকেটে ৫২ বলে ১০০ রান। টি-২০তে চতুর্থ উইকেটে বাংলাদেশের প্রথম শতরানের জুটি এটি। ৭ চার ও ২ ছক্কায় ৪৭ করে শেষ ওভারে বিদায় নেন সোবহানা। ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ করে অপরাজিত থাকেন নিগার। এতে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় বাংলাদেশ।

বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। দলীয় স্কোরে কোনো রান যোগ না করেই মারুফা আক্তারের বলে পরাস্ত হয়ে নিগার সুলতার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ডার্সি কার্টার। আগের ম্যাচেও প্রথম বলেই উইকেট নিয়েছিলেন এই পেসার। সেই যে শুরু, আর ম্যাচে ফিরতে পারেনি স্কটিশরা। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।

পরে মেগান ম্যাককল ২০ ও প্রিয়ানাজ করেন ১৪ রান। আটে নেমে পিপা স্প্রাউল ২৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে তিন অঙ্ক পার করান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনোরকমে ১০১ রান করে স্কটল্যান্ড। আগের ম্যাচের মতোই ঠিক ২৫ রানে ৩ উইকেট মারুফ আক্তার। তবে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন নিগার সুলতানা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল : ১৯১/৫ (২০ ওভার) দিলারা ৩৯, জুয়াইরিয়া ২২, শারমিন ১৫, নিগার সুলতানা ৫৬*, সোবহানা ৪৭, স্বর্ণা ৫*; প্রিয়ানাজ ১/৪০, অ্যাবেল ১/৪৪, ফ্রেজার ১/৩৯।

স্কটল্যান্ড নারী দল : ১০১/৯ (২০ ওভার) ফ্রেজার ৫, ক্যাথরিন ব্রাইস ১১, সারাহ ব্রাইস ৮, লিস্টার ৪, ম্যাককল ২০, প্রিয়ানাজ ১৪, ¯প্রাউল ২৭*, বেল ৫*; মারুফা ৩/২৫, নাহিদা ১/২১, রাবেয়া ১/১৮, স্বর্ণা ২/১৩।

ফল : বাংলাদেশ ৯০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : নিগার সুলতানা জ্যোতি।