শিক্ষাগুরু সম্মাননায় ভূষিত তারা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বেশ কয়েক বছর আগেই ‘আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইংজিং’-এর আয়োজনে নিয়মিত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নাচের প্রশিক্ষক, গানের প্রশিক্ষকসহ অন্যান্য সেক্টরের শিক্ষকদের ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই সন্ধ্যায় রাজধানীর অল কমিউনিটি ক্লাবের ‘নভোএয়ার কনফারেন্স হলে’ ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষক অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন শিক্ষক ও একজন সঙ্গীতশিল্পী, গানের প্রশিক্ষককে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। মূলত সাংবাদিক অভি মঈনুদ্দীনের ছোট্টবেলার বন্ধুদের নিয়ে ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই আয়োজনেই মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: গোলাম নূর, সিলেটের রেবতী রমন সরকারী দ্বি পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ^নাথ তালুকদার নেপুল, নেত্রকোনার দিগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাবেরী সরকার বেবী ও নেত্রকোনা অঞ্চলের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গানের প্রশিক্ষক রতন সরকারের হাতে এবারের ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬ তুলে দেয়া হয়। প্রজন্মের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা রুহানী সালসাবিলের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত ভিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, উত্তরীয় পরিয়ে দেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল, জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং দর্শকপ্রিয় অভিনেতা রেহান। ড. প্রিয়াংকা গোপ বলেন, ‘শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে একজন শিক্ষক হিসেবে ভীষণ ভালোলাগা কাজ করছে। সত্যি বলতে কী, আমাদের জীবনে আমাদের শিক্ষকদের, শিক্ষাগুরুদের অবদান অপরিসীম। তাদের ঋণ শোধ করার নয়। কিন্তু তার পরও তাদের সম্মানীত করার মধ্যদিয়ে তাদেরকে জাতির সামনে আলোকিত করার যে চেষ্টা অভি মঈনুদ্দীন ভাইয়ের সেটা সাধুবাদ পাবারই মতো। ’ ডলি জহুর বলেন, ‘এই আয়োজনটা দেখে আমার ভীষণ ভালোলাগল। শিক্ষকদের সম্মান করতে পারাটা আমাদের জন্য ভীষণ জরুরি।’ সজল বলেন, ‘আমি কল্পনাও করিনি যে আমি কখনো নিজে উপস্থিত থেকে শিক্ষকদের এভাবে সম্মানীত করতে পারব।’ লিজা বলেন, ‘অভি ভাইয়ের আইডিয়াগুলো সবসময় ইউনিক। এমন আয়োজনে থাকতে পেরে ভীষণ ভালোলেগেছে।’ চার শিক্ষক গোলাম নূর, বিশ^নাথ, কাবেরী ও রতন সরকার ‘ঢাকার বুকের মধ্যনগর’ অনুষ্ঠানে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২০৬’ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাদের কাছে এই স্বীকৃতি জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি। উল্লেখ্য, ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পৃষ্ঠপোষকতায় ছিল ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’, ‘সিটি ব্যাংক’, ‘জেড অ্যান্ড জেড অ্যাসোসিয়েটস’, সিলেটের ‘উন্দাল রেস্টুরেন্ট’ এবং বিশেষ সহযোগিতায় ছিল ফ্যাশন হাউজ ‘লুকস’, ‘গয়না বাকসো’ ও ‘রয়েল ক্যাফে’। লটারিতে প্রথম বিজয়ী বন্ধু জসীমের হাতে ‘ওসান লাইফাস্টাইল’র সৌজন্যে স্যামসাং ব্র্যান্ডের একটি টাচ ফোন তুলে দেয়া হয়।