রানার বলে ওরা আতঙ্কে ছিল এটি ভালো লেগেছে : শান্ত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় কম খেলা হওয়ায় বাংলাদেশের জয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। ড্রই ম্যাচের সম্ভাব্য পরিণতি মনে হচ্ছিল। কিন্তু শেষ বিকেলে দুর্দান্ত বোলিংয়ে ১০৪ রানে ম্যাচ জিতল বাংলাদেশ। চতুর্থ দিনের সাথে শেষ দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ২৬৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৫২.৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘তাড়াতাড়ি ইনিংস ঘোষণা করার কারণ আমাদের মানসম্মত বোলিং আক্রমণ ছিল।’

প্রথম ইনিংসে সেঞ্চুরির (১০১) পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন শান্ত। ১৮৮ রানের পাশাপাশি ফিল্ডিংয়ে তিনটা ক্যাচ ধরেছেন শান্ত। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি সবসময় চিন্তা করি দলের কী প্রয়োজন এবং প্রতিটি ম্যাচে সেই অনুযায়ী অবদান রাখার চেষ্টা করি। এই কন্ডিশনে রানা, তাসকিন ও তাইজুল সত্যিই দারুণ বোলিং করেছে। আমি তাদের কাছ থেকে এটাই চাই। বিশেষ করে নাহিদ রানার বলে পাকিস্তানের ব্যাটাররা আতঙ্কে ছিল, এটা বেশি ভালো লেগেছে। পেসাররা আমাদের গর্বিত করেছে।’

শান্তর পর মুমিনুল হকও দুই ইনিংসে ফিফটি করেছেন (৯১ ও ৫৬ রান)। প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৭১ রান। পাশাপাশি বোলাররা ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ১০৪ রানে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। রানার পাশাপাশি তাইজুল ইসলাম (৪), তাসকিন আহমেদ (৪), মেহেদী হাসান মিরাজও (৬) দুর্দান্ত বোলিং করেছেন। যাদের মধ্যে মিরাজের প্রথম ইনিংসে ফাইফার ছিল। সতীর্থদের পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শান্ত। ‘প্রথম ইনিংসে শুরুর কয়েক ঘণ্টা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমার মতে মুমিনুল ভাই অসাধারণ ব্যাটিং করেছেন। অতিরিক্ত বাউন্স ছিল। কিন্তু আমরা ভালো শট খেলেছি। বিশেষ করে মুমিনুল ভাই এবং মুশফিকুর ভাই খুব ভালো ব্যাটিং করেছেন।’

প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জিততে হলে দ্বিতীয় টেস্ট ড্র করলেও চলবে। যদি সিলেটে দ্বিতীয় টেস্ট জেতে, তাহলে টেস্টে দু’বার পাকিস্তানকে ধবলধোলাই করবে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করেছিল শান্তর নেতৃত্বেই। অধিনায়ক বলেন, খুবই আনন্দিত। সবাইকে নিয়ে গর্ব হচ্ছে, যেভাবে আমরা খেলেছি। গত কয়েক মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। সিলেটে কন্ডিশন মূল্যায়ন করে সেখানে কিভাবে খেলব তা পরিকল্পনা করব।