কালিয়াকৈরে র্যাবের অভিযান বিদেশী মদসহ গ্রেফতার দুই
Printed Edition
গাজীপুর জেলা প্রতিনিধি
মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৭ বোতল বিদেশী মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনকারী একটি পিকআপ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের লিটন মিয়ার ছেলে পিকআপ চালক আশরাফুল আলম (২২) এবং একই উপজেলার পাইকুড়া (বড়হিত) গ্রামের আব্দুর রশিদের ছেলে শামীম মিয়া (২৪)।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদে জানতে পারে নেত্রকোনা হতে একটি পিকআপ (নং ঢাকা-মেট্রো-ন-১৯-৯৩১৬) বিদেশী মদের বড় চালান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দিকে আসছে। ওই তথ্যর ভিত্তিতে র্যাব সদস্যদের টিম দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা-ডাইনকিনি সড়কের (নাগড়ারডাল) শাহা প্লাজার সামনে চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক পিকআপে তল্লাশি করার সময় চালকসহ মাদককারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা মূল্যের ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ আটক করে।