ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’-এর কর্মসূচি

Printed Edition
3rd-4
‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিয়াদ হামাদ : নয়া দিগন্ত

ফিলিস্তিনে চলমান মানবিক সঙ্কটের প্রতিবাদ ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’-এর এক বিশেষ আয়োজন। গত শনিবার অ্যাঙ্কর হলে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক, নীতিনির্ধারক, নাগরিক সমাজ এবং বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। তিনি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে কেবল উদ্বেগ প্রকাশ নয়, বরং ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় আরো কার্যকর ও নীতিনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিয়াদ এইচ এম হামাদ ফিলিস্তিনের বর্তমান সঙ্কটাপন্ন পরিস্থিতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই বৈশ্বিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী বলেন, “সংহতি প্রকাশ একটি নৈতিক দায়িত্ব। নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে সম্মিলিত নাগরিক উদ্যোগই পারে বাস্তব পরিবর্তন আনতে এবং আন্তর্জাতিক মহলে জোরালো দাবি উপস্থাপন করতে।”

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: কবির চৌধুরী এবং মস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজুর রহমান তাদের বক্তব্যে সঙ্কটের মানবিক বিপর্যয় তুলে ধরেন। তারা ফিলিস্তিনিদের জন্য সমন্বিত ত্রাণ তৎপরতা ও বৈশ্বিক অ্যাডভোকেসি কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে চলমান দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। তারা মানবিক সহায়তা বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে জনসচেতনতা বাড়ানোর দাবি করেন। ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার ও আন্তর্জাতিক দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি।