থানচিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এ সময় বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় যৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়। সে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।