বদলগাছীতে পটোলের জমিতে মিলল ৩২৫ রাউন্ড গুলি
Printed Edition
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলি জমিতে পটোলের আবাদ করতে গিয়ে বিপুল পরিমাণ পুরনো গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ৩২৫ রাউন্ড গুলি থ্রি নট থ্রি রাইফেলের বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরীর জমি লিজ নিয়ে পটলের আবাদ করছিলেন একই গ্রামের জয়দুল (৪২)। সকালে জমিতে খুঁটি বসানোর জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খুঁড়তে গিয়ে তিনি মাটির নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পান। পরে কৌতূহলবশত আরো মাটি সরালে বেরিয়ে আসে থরে থরে সাজানো গুলির স্তূপ। খবরটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমায়।
খবর পেয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো অনেক পুরনো এবং মরিচা ধরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো দীর্ঘকাল ধরে সেখানে সংরক্ষিত ছিল। বদলগাছী থানার পুলিশ জানায়, এসব গুলি কোথা থেকে এলো এবং কিভাবে মাটির নিচে মজুদ করা হয়েছিল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।