১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার

Printed Edition

সংসদ প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর জাতীয় সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে জনগণ যে ধরনের সংসদ দেখেছে, তাতে তারা সন্তুষ্ট ছিল না। এবারের সংসদ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সদস্যদের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

গতকাল জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরো মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি জনগণের আস্থা আরো বাড়বে বলে আমি আশা করি।

অতীতের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি বা রেডিওতে শুনেছি এক ব্যক্তি নির্বাচিত হয়েছেন, দুই দিন পর দেখি অন্য ব্যক্তি এমপি। সংসদে এসে দেখি অন্য লোক। ফাঁকে ফাঁকে বহু লোক এমপি নির্বাচিত হয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘এতদিন এ ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে অনেকেই নিজ গুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে। এ কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘দেশের গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মানুষের কল্যাণে সংসদ যাতে কার্যকরভাবে কাজ করতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’