তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগতম

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition
back-1
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ অন্যরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা: শফিকুর রহমান গতকাল দুপুরে এক ফেসবুক পোস্টে লিখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ এদিন বিবিসি বাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় ডা: শফিকুর রহমান বলেছেন, তার রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। জামায়াত আমির আরো বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে বিবিসি বাংলাকে জানিছেন। তিনিও মনে করেন, তারেক রহমানের ভূমিকার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।

জামায়াত আমিরের মনোনয়ন ফরম সংগ্রহ : ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলটির আমির ডা: শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ও ঢাকা-১৫ আসনের আসন পরিচালক আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর (পূর্ব) থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল (দক্ষিণ) থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম ও কাফরুল (উত্তর) থানা আমির রেজাউল করিম প্রমুখ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা: শফিকুর রহমানের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা চাই আগামী নির্বাচন হোক একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর।

তিনি আরো বলেন, তরুণদের প্রত্যয়দীপ্ত স্লোগান- ‘বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’- এই অনুপ্রেরণার ধারক শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আবরার ফাহাদ ও সর্বশেষ শহীদ জুলাইয়ের বীরযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে যে আত্মত্যাগ করেছেন, আমরা তাদের আকাক্সক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডা: শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সব দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।