দেশের গান বিশ্বে ছড়িয়ে দেয়ার স্বপ্ন শ্রাবণীর
Printed Edition
বিনোদন প্রতিবেদক
উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে শান্তিনিকেতনে পড়াশুনা করছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত এই সঙ্গীতশিল্পীর স্বপ্ন এমন যে, দেশের গান গেয়ে তিনি গানে গানে বাংলাদেশের কথা আরো অনেক বেশি ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে। যেহেতু এই মুহূর্তে তিনি পড়াশুনা নিয়েই বেশি ব্যস্ত। তাই পড়াশুনা শেষে নিজের মৌলিক গান গাওয়ার প্রতি যেমন মনোযোগ দিবেন ঠিক তেমনি দেশের গানের প্রতিও তার প্রাধান্য থাকবে বেশি। শ্রাবণী সায়ন্তী বলেন, ‘যেকোনো স্টেজ শোতে যখন আমি পারফর্ম করতে যাই আমার পরিবেশনার শুরুটাই হয় দেশের গান দিয়ে। আমি যতদূর জানি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডামসহ আরো যারা আছেন তারা যেকোনো স্টেজ শোর শুরুটাই করেন দেশের গান দিয়ে। এটি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতাবোধ এবং দেশের গান সারা বিশ্বে ছড়িয়ে দেয়ারও এক ধরনের প্রচেষ্টা। আমি এরই মধ্যে বেশ কিছু শো করেছি দেশে এবং বিশেষত আমি এখন পড়াশুনার কারণে যেখানে আছি সেখানে, তার আশপাশের শোগুলোতে আমিও ঠিক তাই করছি। দেশের গান গাইলে নিজের মাঝেই যেন কেমন একটি ভালোলাগা কাজ করে। এরই মধ্যে পরিকল্পনাও আছে কিছু দেশের গান করার। বিশেষ দিবসেই যে গানগুলো প্রকাশ করব এমন নয়। গানের কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে।’ গত দুর্গা পূজায় ‘পুজো এলোরে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ও সুর করেছেন পুণম মিত্র। শ্রাবণী সায়ন্তনীর সাথে এই গানে আরো কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, অনন্যা ও পুণম। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান শ্রাবণী সায়ন্তনী। তবে যে গানটির জন্য শ্রাবণী সবচেয়ে বেশি সাড়া পান প্রতিনিয়ত সেটি হলো ‘তোকেই শুধু চাই’। এটি গত বছর প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানটি লিখেছেন আল আমিন জমাদ্দার ও আশিক মাহমুদ। সুর করেছেন আকাশ মাহমুদ। গানটি এরই মধ্যে কয়েক লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির সুর যেমন ভীষণ শ্রুতিমধুর তেমন শ্রাবণী সায়ন্তনী ও আকাশ মাহমুদ গেয়েছেনও দারুণ। যে কারণে গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।