সাইবার অপরাধের মার্কিন অভিযোগ ভিত্তিহীন : উত্তর কোরিয়া

Printed Edition

এএফপি

অবৈধভাবে অর্থ উপার্জনের লক্ষ্যে উত্তর কোরিয়া সাইবার অপরাধে জড়িত, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে রোববার প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া এই সমালোচনাকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে অভিহিত করেছে।

ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে, পিয়ংইয়ং তাদের সাইবার যুদ্ধ কর্মসূচি আরো জোরদার করেছে। গত কয়েক বছরে এই কর্মসূচির মাধ্যমে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের ভার্চুয়াল সম্পদ চুরি করা হয়েছে। পারমাণবিক ও অস্ত্র কর্মসূচির কারণে কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়ার জন্য হ্যাকিং এখন বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মার্কিন সরকার উত্তর কোরিয়া সম্পর্কে ‘অপপ্রচার ছড়ানোর চেষ্টা’ করছে এবং ‘ভুয়া সাইবার হুমকির’ কথা বলছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের দেশের ভাবমর্যাদা ক্ষুণœ করতেই এমন ভিত্তিহীন অপবাদ দেয়া হচ্ছে।’ গত এপ্রিলে মার্কিন বিচার বিভাগ দুই মার্কিন নাগরিককে সাজা প্রদান করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা উত্তর কোরিয়ার নাগরিকদের মার্কিন কোম্পানিতে রিমোট আইটি কাজ পেতে সহায়তা করেছিলেন। এর মাধ্যমে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য লাখ লাখ ডলার অবৈধ অর্থ সংগ্রহ করা হয়।

বিচার বিভাগ জানায়, বহু বছর ধরে চলা এই চক্রান্তে ১০০টিরও বেশি মার্কিন কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু ফরচুন ৫০০ কোম্পানি এবং একটি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানও ছিল। জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ বলেন, এই প্রতারণার মাধ্যমে উত্তর কোরিয়ার আইটি কর্মীদের অজান্তেই মার্কিন কোম্পানিগুলোর পে-রোল এবং কম্পিউটার সিস্টেমে ঢুকিয়ে দেয়া হয়েছিল। এতে আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।