আশা জিইয়ে রাখল ইতালি

Printed Edition
khela-2
গোলের পর ইতালির খেলোয়াড়ের উল্লাস : ফিফা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়াঙ্গনের জনপ্রিয় খেলাধুলার মধ্যে অন্যতম বিশ্বকাপ ফুটবল। এই মেগা আসরে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। অথচ এই দলটিই কি না বিশ্বকাপের গত দু’টি আসরে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। এবারো সেই শঙ্কায় ছিল আজ্জুরিদের সামনে। অবশেষে সেই শঙ্কার প্রাথমিক ধাপ পেরিয়ে গেল ইতালি। ইউরোপিয়ান প্লে-অফ সেমিফাইনালে গত পরশু বেরগামোতে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিংবদন্তি সাবেক ফুটবলার পাওলো মালদিনি-রবার্ট ব্যাজ্জিও-জিয়ানলুইজি বুফনদের দেশটি। ৫৬ মিনিটে সান্দ্রো টোনালি দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের ৮০ মিনিটে মোইজ কিন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে হলে আর একটি জয় চায় ইতালির। পাথ ‘এ’র অপর ম্যাচে ওয়েলসের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ফলে সেই লক্ষ্য পূরণে বসনিয়ার মুখোমুখি ম্যাচে জয়ের বিকল্প নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাহলেই ২০১৪ আসরের পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ইতালি।

উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে আপাতত হাঁপ ছেড়ে বেঁচেছে ইতালি। আইরিশদের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে আপাতত ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে তো উঠেছে আজ্জুরিরা। ম্যাচের দুই দিন আগে নার্ভাসের কথা বলেছিলেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। ম্যাচের আগে নার্ভাস ছিলেন সব ইতালিয়ানই। এর মূল কারণটা ছিল টানা দুইবার বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে পারেনি ইতালি। ২০১৪ সালের পর আর বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়নি দলটি। ইউরোপের বাছাইপর্বে আর্লিং হলান্ডের দেশ নরওয়ের কাছে হেরে তৃতীয়বার একই অভিজ্ঞতার সামনে দাঁড়িয়েছিল আজ্জুরিরা।

তবে ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে আরো হতাশ ছিল দলটির খেলোয়াড়রা। অবশেষে ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে গোল করে ইতালিয়ানদের এগিয়ে দেন সান্দ্রো তোনালি। আর প্রথম গোলের ২৪ মিনিট পর গোল করে প্লে-অফের সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে না ইতালি, এটি নিশ্চিত করেন ময়জে কিন। ২-০ গোলের জয়ে প্লে-অফের ফাইনালে উঠে বিশ্বকাপের সাথে দূরত্ব এক ম্যাচে নামিয়ে এনেছে ইতালি। ৩১ মার্চ ফাইনালে প্রতিপক্ষের মাঠ জেনিকা স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে ইতালি।

মেক্সিকোয় গত পরশু শেষ হয়েছে আন্তমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালও। মেক্সিকোর এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে সুরিনামকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বলিভিয়া। এই গ্রুপে আগে থেকে ফাইনাল নিশ্চিত ছিল এশিয়ার দেশ ইরাকের। ফলে প্লে-অফ ফাইনালে জয়ে হয়ে ইরাক ও দক্ষিণ আমেরিকার দলটির যেকোনো একটি টিকিট পাবে মূল পর্বের। তবে এই ম্যাচটি মেক্সিকোর বদলে অন্য কোনো দেখে খেলার জন্য ফিফার কাছে দাবি জানিয়েছিল ইরাক। আন্তমহাদেশীয় প্লে অফের অন্য ম্যাচে নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে জ্যামাইকা। বিশ্বকাপে ৪৮ দলের মূল মঞ্চে জায়গা করে নিতে ফাইনালে আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর মুখোমুখি হবে জ্যামাইকা। আগামী ৩১ মার্চ হবে ফাইনাল।

আসন্ন বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দল আগেই নিশ্চিত হয়েছে। বাকি থাকা ছয়টি দল আসবে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল জয়ে। ইউরোপ থেকে চারটি ও বাকি থাকা দু’টি দল আসবে আন্তঃমহাদেশীয় অঞ্চল থেকে। এরপরই চূড়ান্ত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দেশ।