প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কৃষিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রকল্প নিতে হবে, সে ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের কাউকেই ছাড় দেয়া হবে না।
গতকাল রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেসব প্রকল্প প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ খুঁজে বের করতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সাথে ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি উৎপাদন টেকসই রাখতে জমির উর্বরতা পুনরুদ্ধার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অম্লতা বেড়ে যাচ্ছে; যা এক দিকে মাটির ক্ষতি করছে, অন্য দিকে কৃষি উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় মাটির অম্লতা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি ৪২ দশমিক ১৮ শতাংশ। কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।