৫ বছরেও শেষ হয়নি শালিখা সেতু

কাজ ফেলে উধাও ঠিকাদার ভোগান্তিতে হাজারো মানুষ

Printed Edition
bangla-6
পাইকগাছা ও সাতক্ষীরা সংযোগ শালিখা সেতু : নয়া দিগন্ত

শেখ দীন মাহমুদ পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সংযোগস্থল কপোতাক্ষ নদের ওপর নির্মাণাধীন শালিখা সেতুর কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পার হওয়ার পরও মাত্র ৭৩ শতাংশ কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইট ছেড়ে উধাও হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পটি। এতে করে দুই উপজেলার হাজারো মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকে কপোতাক্ষ নদে নাব্যতা কমে গেলে এটি সরু খালে পরিণত হয়। তখন রাড়–লীর কাটিপাড়া ও তালার খেশরা এলাকার সংযোগস্থলে স্থানীয় উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে টিআরএম ও পুনঃখনন কাজের সময় সাঁকোটি ভেঙে যায়। পরে অস্থায়ীভাবে আরেকটি সাঁকো নির্মাণ হলেও বর্তমানে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলসহ ওই সাঁকো পারাপার করছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ ২০২১ সালের ১৯ অক্টোবর শুরু হয়। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০২৩ সালের ৩১ আগস্ট। তবে শুরু থেকেই ধীর গতিতে কাজ চলায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব হয়নি।

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ জেডটি (জেভি) কয়েক দফায় কাজ বন্ধ রেখে পরে রাতের আঁধারে শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেয়। স্থানীয়দের চাপে ও প্রশাসনের তাগিদে পুনরায় কাজ শুরু করলেও অল্প কিছু কাজ করে আবারও সাইট ত্যাগ করে তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল আহসান টিটুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পাইকগাছা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, কাজ বাতিলের পূর্ব সতর্কতা হিসেবে ঠিকাদারকে ২৮ দিনের মধ্যে কাজ শুরু করার নোটিশ দেয়া হয়েছিল। গত ২৪ মার্চ সেই সময়সীমা শেষ হলেও তারা কাজে ফেরেনি।

এ দিকে, দীর্ঘসূত্রতা ও কার্যকর পদক্ষেপের অভাবে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই সংশ্লিষ্টদের গাফিলতি ও সম্ভাব্য যোগসাজশের অভিযোগ তুলেছেন।

যোগাযোগ ব্যবস্থার দুরবস্থায় চরম ভোগান্তিতে থাকা এলাকাবাসী দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।