কাঁঠালিয়ায় হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেফতার

Printed Edition

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় পাহারাদার শাহজাহান হাওলাদার হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাবের সহায়তায় রাজধানীর দক্ষিণখান ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার শৌলজালিয়া গ্রামের জনি হাওলাদার (২১) এবং উত্তর কচুয়া গ্রামের লিখন খান (২৩)। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছর সেন্টারের হাটে পাহারার দায়িত্ব পালন শেষে ভোরে বাড়ি ফিরছিলেন শাহজাহান হাওলাদার। পথে কচুয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। গুরুতর আহত শাহজাহানকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আবু নাছের রায়হান বলেন, প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতাারের চেষ্টা চলছে।