২৪ ঘণ্টায় বদলে গেল আদেশ
ব্রিতে ডিজি পদে ড. আমিনুলের পরিবর্তে অতিরিক্ত সচিবকে দায়িত্ব বারিতেও নেতৃত্ব নিয়ে গুঞ্জন
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
দেশের শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদকে ঘিরে নাটকীয় মোড় নিয়েছে চলমান প্রশাসনিক সঙ্কট। দায়িত্ব নেয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় কৃষি মন্ত্রণালয় আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন অফিস আদেশ জারি করায় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা, হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সাথে নতুন দায়িত্বকে সমর্থন করা কয়েকজন বিজ্ঞানী ও কর্মকর্তার ওপর হামলা, ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে।
গতকাল কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখা থেকে জারি করা অফিস আদেশে ৩ মে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। নতুন আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (গবেষণা) নিজ দায়িত্বের পাশাপাশি ব্রির মহাপরিচালকের শূন্যপদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে মহাপরিচালকের পরিবর্তে পরিচালকের রুটিন দায়িত্ব দেয়া। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এর মাত্র একদিন আগেই, সোমবার (৪ মে) ড. আমিনুল ইসলাম পুলিশ ও আনসারের নিরাপত্তার মধ্য দিয়ে ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সে দিনই তাকে ঘিরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ব্রির সূত্র দাবি করেছে, মঙ্গলবার নতুন অফিস আদেশের খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে পক্ষ-বিপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সোমবার ড. আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন; এমন কয়েকজন বিজ্ঞানী ও কর্মকর্তার ওপর ভয়ভীতি প্রদর্শন, মৌখিক হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
এ দিকে, ব্রির পাশেই আরেক শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে চাপা উদ্বেগ ও গুঞ্জন তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান চলতি মাসের ২৫ মে অবসরে যাচ্ছেন।