বজ্রপাতে আরো ৫ জনের মৃত্যু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে একনারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া শরীয়তপুর ও মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আরো দু’জন।
মঠবাড়িয়ায় গরুসহ ৩ জনের মৃত্যু
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া কালবৈশাখীতে তিনটি গরুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলায় পৃথক সময়ে বজ্রপাতে তারা মারা যান। নিহতরা হলেন- দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা আক্তার (৫০), মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার (২২) ও তুষখালী ইউনিয়নের মোহাম্মদ হাসান (২৫)।
স্থানীয়রা জানান, আয়েশা আক্তার মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্য দিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরে মাঠে তার লাশ পাওয়া যায়। পরিবারের ধারণা করেন বজ্রপাতের স্বাধীনের মৃত্যু হয়েছে।
এ ছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সোহেল জানান, বজ্রপাতের সময় তিনি নদীতে পড়ে যান। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উপজেলার তুষখালী ও গুলিশাখালি ইউনিয়নে দিনভর বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো মাঠেই বাঁধা ছিল। হঠাৎ করে কালবৈশাখী শুরু হলে বজ্রপাতে গরুগুলো মারা যায়।
শরীয়তপুরে যুবকের মৃত্যু
জেলার নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজীব শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে রাজীব শেখ প্রতিদিনের মতো কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি শক্তিশালী বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজীব শেখ ওই এলাকারই বাসিন্দা।
মৌলভীবাজারে জেলে নিহত
মৌলভীবাজার সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে মখবুল মিয়া (৪৫) মারা গেছেন। উপজেলার ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের, সাতবাক গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার সাতবাক গ্রামের বাসিন্দা মখবুল মিয়া প্রতিদিনের মতো বৃহস্পকিবারও মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খোলা জলাশয়ের কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।