কামরাঙ্গীরচরে মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে মোহাম্মদ সাকিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর টাওয়ারের ১৮ নম্বর রোড সংলগ্ন একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সাকিবের সহকর্মী মুনসুর জানান, সকালে ওই ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক নিজেদের মধ্যে ঝগড়া ও মারামারিতে লিপ্ত হন। এ সময় সাকিব তাদের বাধা দিয়ে বলেন, মারামারি করো না, কাজ করো। এতে প্তি হয়ে ইয়াসিন ও জাহাঙ্গীর দু’জনে মিলে সাকিবকে মারধর শুরু করেন এবং তাকে ধাক্কা দিয়ে ফোরে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব নোয়াখালী জেলার মাইজদী সদর উপজেলার ভাটির টেক এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। চার বছর আগে বিয়ে করা সাকিবের কোনো সন্তান নেই; তার স্ত্রীর নাম রাফিয়া আক্তার।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের ফুটপাথ থেকে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, লাশটি একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে।