চলচ্চিত্রে স্বর্ণযুগ ফেরাতে উদ্যোগ

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

চলচ্চিত্র শিল্পে স্বর্ণযুগ ফেরাতে উদ্যোগ নিচ্ছে শিল্পী সমিতির নতুন কমিটি। তাতে দেশের চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব ফিরে পাবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পারভেজ আবীর চৌধুরী।

নয়া দিগন্তের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই একটি বিষয় নিয়ে তারা কাজ করছেন। তা হলো চলচ্চিত্রকে রক্ষা করা। তার ভাষ্য, চলচ্চিত্র শিল্পের রুগ্ণদশার জন্য মূল সমস্যাটিকে আমরা এখনো চিহ্নিত করতে পারছি না। ফলে দিন দিন এ শিল্প অস্তিত্ব সঙ্কটে ভুগছে। শুধু নতুন প্রতিভা তৈরি করলেই কি চলচ্চিত্র শিল্প টেকসই হয়ে উঠবে এমনটা ভাবা বোকামি মন্তব্য করে তিনি বলেন, আসলে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সঙ্কট প্রতিভার অভাব নয়, বরং মূল সমস্যা হচ্ছে প্রযোজকদের এই শিল্পে বিনিয়োগের আস্থা ও নিরাপত্তার অভাব। চলচ্চিত্র শুধু শিল্প বলে আবদ্ধ না রেখে এটিকে রূপ দিতে হবে একটি বহুমাত্রিক বড় অর্থনৈতিক প্রক্রিয়ায়।

তিনি বলেন, একজন প্রযোজক যখন কোটি টাকা বিনিয়োগ করেন, তখন তার কাছে ন্যূনতম আস্থা থাকতে হবে, তিনি যেন ন্যায্যভাবে সেই বিনিয়োগের লাভসহ মুনাফায় উন্নিত করতে পারেন সেই পরিকল্পনা সরকারকেই করতে হবে।

অতীতের দিকে একটু তাকালে বড় ধরনের পার্থক্য চোখে পড়ে জানিয়ে তিনি বলেন, একসময় আমাদের দেশের প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণকে শুধু একটি ব্যবসা হিসেবে দেখতেন না। একটি সফল চলচ্চিত্রের আয় দিয়ে তারা পরিবার পরিচালনা করতেন, সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতেন, সম্পদ গড়ে তুলতেন এবং সেই লাভের অর্থ আবার নতুন চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগ করতেন।

কিন্তু বর্তমানে অনেক প্রযোজক যে অর্থ চলচ্চিত্রে বিনিয়োগ করেন, সেই বিনিয়োগের বড় অংশই আর ফিরে পান না। ফলে নতুন করে বিনিয়োগ করার সাহস ও সক্ষমতা দুটোই কমে যাচ্ছে।