সঙ্গীতের কিংবদন্তি রুনা লায়লার সম্মাননা আজ

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মাননা আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ আয়োজন থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সঙ্গীতের ভুবনে তার অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে শিল্পকলা একাডেমি এ আয়োজন করেছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মাননা শেষে অনুষ্ঠিত হবে একক সঙ্গীতানুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি।

টিকিটের মূল্য থাকছে দুই হাজার, তিন হাজার এবং পাঁচ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা: জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সঙ্গীত তারকা রুনা লায়লা একক সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো গাইবে।

কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তিনি বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তার কণ্ঠে সঙ্গীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, আবেগ, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।