জমির আলীর মতো নেতাকে এই সঙ্কটের সময় খুব দরকার ছিল : বাংলাদেশ মুসলিম লীগ

Printed Edition
3rd-4
মুসলিম লীগের সাবেক সভাপতি জমির আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতারা

বাংলাদেশ মুসলিম লীগের নেতারা বলেছেন, আজকের এই গভীর সঙ্কটময় সময়ে জাতি প্রবলভাবে অনুভব করছে সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ মোহাম্মদ জমির আলীর মতো একজন দুঃসাহসী, দূরদর্শী ও দায়িত্বশীল মুসলিম জাতীয়তাবাদী নেতার অভাব। জমির আলীর রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন নেতৃত্ব এবং আন্তর্জাতিক মুসলিম বিশ্বের নেতাদের সাথে আস্থাভিত্তিক সম্পর্ক থাকায় তিনি জীবিত থাকলে দেশের ইতিহাসের বহু অন্ধকার অধ্যায় রচিত হতো না।

গতকাল শিশু কল্যাণ মিলনায়তনে মোহাম্মদ জমির আলীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তারা।

নেতারা বলেন, ১৯৯৬ সালে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ষড়যন্ত্রে যখন দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চলছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে যে দৃঢ়, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিলেন তার পেছনে জমির আলীর মতো দেশপ্রেমিক ও মুসলিম জাতীয়তাবাদী নেতার নৈতিক ও রাজনৈতিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতউল্লাহ। স্মৃতি সংসদের সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, জমির আলীর ছোট ছেলে তারেক জমির সজীব, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মো: বাবর, আকবর হোসেন পাঠান, এস আই ইসলাম মিলন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান গণি, খন্দকার জিল্লুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।