মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আইপিএলে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এতে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। এই যুদ্ধের কারণে ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সঙ্ঘাতের জেরে এবার কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার আইপিএল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের ফ্লাডলাইটের জন্য জ্বালানি ও হাজার হাজার অতিথিদের জন্য হোটেলে রান্না করতে হয়। কিন্তু এলপিজির অভাবে তা ব্যাহত হতে পারে। পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞার কারণে ভারতে আসা কঠিন হয়ে পড়েছে বিদেশি ক্রিকেটারদেরও। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ শেষে ভারত থেকে দেশে ফিরতে জটিলতার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দলগুলোর এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।