ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব : ট্রাম্প

Printed Edition

সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে কিউবাকে ‘দখল’ করার বিষয়ে রসিকতা করেছেন। শুক্রবার এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান অভিযানের পর ফেরার পথেই যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।

এক বন্ধুকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘সে মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটি আমরা খুব দ্রুতই দখল করে নেব।’ এরপর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরই কিউবার বিষয়ে ব্যবস্থা নেয়া হতে পারে। ট্রাম্প বলেন, ‘আগে একটা কাজ শেষ করি, আমি কাজ শেষ করতে পছন্দ করি,’ ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি। এরপর কিউবা নিয়ে তিনি আরো বলেন, ‘ইরান থেকে ফেরার পথেই আমরা এটা করব। হয়তো আমাদের বড় জাহাজগুলোর একটি- ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি- সেখানে যাবে। উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামবে, আর তারা বলবে, ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।’

এ সময় ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।

একই দিনে ট্রাম্প কিউবা সরকার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরো সম্প্রসারণ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞার আওতায় দেশটির সাথে লেনদেনকারী বিদেশী ব্যাংকগুলো হুমকির মুখে পড়বে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা কিউবার কমিউনিস্ট সরকারের সাথে সংশ্লিষ্ট বিস্তৃত পরিসরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও প্রযোজ্য হবে। খবর এএফপির। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কিউবার ওপর চাপ বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

ভেনিজুয়েলা থেকে তেলের সরবরাহ বন্ধ হওয়ায় ইতোমধ্যেই দেশটি গভীর অর্থনৈতিক সঙ্কটে রয়েছে। নির্বাহী এক আদেশে ট্রাম্প জানান, কিউবার অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।