ভাওয়ালে জঙ্গল থেকে বেরিয়ে ঝটিকা মিছিল ৩ জন গ্রেফতার
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে আবার জঙ্গলমুখী হয়ে সরে যাওয়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হওয়া সমালোচনার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। এ দিকে ওই ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
গত শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের প্রায় সাড়ে তিন মিনিটের একটি লাইভ ভিডিও নাছির মোড়লের ব্যক্তিগত ফেসবুক আইডিসহ কয়েকজন নেতাকর্মীর অ্যাকাউন্ট থেকে সম্প্রচার করা হয়।
ভিডিওতে দেখা যায়, ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন জঙ্গল এলাকা থেকে কয়েকশ নেতাকর্মী হঠাৎ মহাসড়কে ওঠে মিছিল শুরু করেন। তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’-সহ বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত পথসভায় নাছির মোড়ল বলেন, গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটা শেখ হাসিনার আইন। বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের আবার জঙ্গলমুখী হয়ে এলাকা ত্যাগ করতে দেখা যায়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে জয়দেবপুর থানার সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য মিছিলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিক্ষোভে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্যসচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নাছির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে ভারতের কলকাতায় অবস্থান করতে দেখা যায়। দেশে ফেরার পর তার নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়, যার ভিডিও তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে।