তেল সঙ্কটে উত্তপ্ত পাম্পগুলো বড়াইগ্রামে সংঘর্ষে আহত ৫

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ১ জনের মৃত্যু

Printed Edition
bangla-4
নাটোরের বড়াইগ্রামে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

দেশজুড়ে জ্বালানি তেলের সঙ্কট ঘিরে ফিলিং স্টেশনগুলোতে অস্থিরতা বাড়ছে। কোথাও সংঘর্ষ, কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। নাটোরের বড়াইগ্রাম ও দিনাজপুরে সাম্প্রতিক দু’টি ঘটনায় এ সঙ্কটের চিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার বনপাড়া বাইপাস এলাকার মেসার্স মদিনা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আক্কাস আলী (৫০), ফিরোজ হোসেন (২৪), আলমগীর হোসেন (৩০) ও মুন্নাফ হোসেনকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর তেল নেয়ার সিরিয়াল নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক ও অন্যান্য ক্রেতার মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে এলোপাতাড়ি মারধরে কয়েকজন আহত হন। বড়াইগ্রাম থানার ওসি আবদুস ছালাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে জ্বালানি তেল সঙ্কট চরম আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিনই তেল নিতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটছে। এরই মধ্যে কাহারোল উপজেলায় তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুর করিমের (৫০) মৃত্যু হয়েছে। গত ২৬ মার্চ সকালে আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের ১১ জেলায় বর্তমানে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট চলছে। অনেক পাম্প দিনে মাত্র দুই ঘণ্টা খোলা থাকছে। তেল সরবরাহ সীমিত হওয়ায় গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবুও অনেকে কাক্সিক্ষত পরিমাণ তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ২০০-৩০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম পার্বতীপুর ডিপো পরিদর্শন করে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, ডিপোতে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও সরবরাহ ব্যবস্থাপনায় সমস্যার কারণে কৃত্রিম সঙ্কট সৃষ্টি হয়েছে।

সার্বিক পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।