কচুরিপানার ফুলে রঙিন কমলগঞ্জ
Printed Edition
আব্দুল হামিদ কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জে অযতœ আর অবহেলায় বেড়ে ওঠেছে জলজ উদ্ভিদ কচুরিপানা। উপজেলার বিভিন্ন বদ্ধ জলাশয় এখন কচুরিপানার ফুলে ছেয়ে গেছে। সবুজ পাতার বুক চিরে বের হওয়া সাদা আর বেগুনি আভার এই ফুলগুলো মুগ্ধ করছে স্থানীয়দের।
গতকাল সোমবার সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একটি পরিত্যক্ত জলাশয়ে দেখা যায় এমনই এক নয়নাভিরাম দৃশ্য। শুধু এখানেই নয়, উপজেলার বিভিন্ন গ্রামের খাল, বিল ও পুকুরে এখন ফুলের সমারোহ। দূর থেকে দেখলে মনে হয়, শান্ত জলের ওপর কেউ যেন রঙের আলপনা এঁকে দিয়েছে। এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ভিড় করছেন জলাশয়গুলোর পাড়ে। কেউবা মুঠোফোনে বন্দী করছেন প্রকৃতির এই ক্ষণস্থায়ী রূপ।
স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছে এই ফুলের টানে। কেউ কেউ আবার ভালোবেসে হাতে তুলে নিচ্ছে দু-একটি ফুল। তবে এই ফুল শুধু দেখার সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়। উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, কচুরিপানা থেকে উন্নতমানের জৈব সার তৈরি করা সম্ভব এবং এটি গবাদিপশুর খাদ্য হিসেবেও বেশ কার্যকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কোনো পরিচর্যা ছাড়াই প্রকৃতি নিজেকে এভাবে সাজিয়ে তুলেছে, যা সত্যিই বিস্ময়কর। উপজেলা পরিষদ চত্বরের পরিবেশকেও এটি অনন্য মাত্রা দিয়েছে। প্রকৃতির আপন খেয়ালে ফুটে থাকা এই কচুরিপানা যেন মনে করিয়ে দিচ্ছে; অবহেলিত ও সাধারণ জিনিসেও লুকিয়ে থাকতে পারে অপার নান্দনিকতা। শরতের শেষে বা বসন্তের শুরুতে জলাশয়ের এই মায়াবী রূপ কমলগঞ্জের প্রকৃতিপ্রেমীদের কাছে এখন এক বাড়তি পাওয়া।