ব্রির মহাপরিচালক হলেন ড. আমিনুল ইসলাম

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

দীর্ঘ প্রায় এক মাসের প্রশাসনিক অনিশ্চয়তা ও নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. আমিনুল ইসলাম-কে পদায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এ দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মহাপরিচালক পদকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে নানা আলোচনা ও মতবিরোধ চলছিল। এ সময় নিয়োগ, পদোন্নতি, বদলি ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত কিংবা সংশ্লিষ্টদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ব্রির একাধিক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ গবেষক হিসেবে ড. আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণ গবেষণাকার্যক্রমে নতুন গতি আনবে বলে তারা আশাবাদী। তারা মনে করছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আবার গবেষণার স্বাভাবিক ধারায় ফিরবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো শক্তিশালী হবে।

ব্রির সচেতন বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা নতুন মহাপরিচালককে স্বাগত জানিয়েছেন। একই সাথে অতীতে নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।