শোকে স্তব্ধ লক্ষ্মীপুর পাশাপাশি খোঁড়া হলো ৪ কবর
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের কবরস্থানে পাশাপাশি খোঁড়া হয়েছে চারটি কবর। একই পরিবারের চারজনকে একসাথে দাফনের প্রস্তুতি চলছে। এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখেননি এলাকাবাসী।
স্থানীয় চা দোকানী নূর হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সবসময় শুনেছি একসাথে কবর দেয়ার কথা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম। এক পরিবারের চারজন এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি।”
বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়।
নিহতরা হলেন মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা এবং ছেলে সাহেদ আশরাফ।
তাদের সাথে থাকা ১২ বছর বয়সী আবরার অলৌকিকভাবে বেঁচে গেলেও, চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে এখনো বাকরুদ্ধ।