জাপান থেকে মধ্যপ্রাচ্যে সেনা স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র
Printed Edition
দ্য গার্ডিয়ান
জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে দুই হাজারেরও বেশি মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়ার পরপরই ওয়াশিংটন এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
ওকিনাওয়ায় দায়িত্বরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যদের নিয়ে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাচিবো বন্দর থেকে যাত্রা করা এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানে সজ্জিত এবং ধারণা করা হচ্ছে যে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে আগামী এক থেকে দুই সপ্তাহ সময় নিতে পারে।
জাপানে মোতায়েন করা প্রায় ৫০ হাজার মার্কিন সামরিক কর্মীর অর্ধেকেরও বেশি ওকিনাওয়া দ্বীপে অবস্থান করেন। সেখান থেকে এই বিশাল সেনাদল সরিয়ে নেয়ার ফলে উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি হয়েছে।
বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌ-তৎপরতা এবং উত্তর কোরিয়ার ক্রমাগত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের বিকাশের মুখে জাপানে মার্কিন উপস্থিতি হ্রাস পাওয়াকে ভালো চোখে দেখছেন না আঞ্চলিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি কতটা অটুট থাকবে, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।