দেবিদ্বারে ক্লাস চলাকালে পলেস্তারাসহ খসে পড়ল ফ্যান
Printed Edition
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবিদ্বারে ক্লাস চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে শ্রেণীকক্ষে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পায়। পরে শিক্ষার্থীদের দ্রুত শ্রেণীকক্ষ ত্যাগ করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গত বুধবার দুপুরে ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৭১ নং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯৬৮ সালে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। ভবনটি ইতোমধ্যে জরাজীর্ণ হয়ে পড়লে গত কয়েকবছর ধরে স্কুলের প্রধান শিক্ষক ও এলাকাবাসী নতুন ভবনের দাবি করে আসছেন।
গজারিয়া গ্রামের জুয়েল রানা নামে একজন অভিভাবক জানায়, দুপুরে হঠাৎ করে ওই ভবনের ছাদের একটি অংশ বৈদ্যুতিক ফ্যানসহ শ্রেণীকক্ষের ভেতরে ভেঙে পড়ে। ওই সময় শ্রেণীকক্ষে শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দৌড়ে এসে ছেলে-মেয়েদের বাইরে বের করে আনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার বলেন, ১২টা ৪৫ মিনিটের দিকে প্রথম ক্লাস শেষ হওয়ার পর পরই বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। যে বেঞ্চের ওপর ভেঙে পড়েছে সেই বেঞ্চে শিক্ষার্থীরা কেউ ছিলো না। তিনি আরও বলেন, গত সপ্তাহে আমি এই ঝুঁঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত আবেদন করেছি।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিনহাজ উদ্দিন বলেন, দুপুরে শুনেছি স্কুলের বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়েছে। ওই স্কুলের নতুন ভবনের জন্য চাহিদাপত্রে এক নম্বর তালিকায় রেখেছি। এটি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথেও আলাপ হয়েছে। দ্রুতই ভবনটি ভেঙে নতুন করে ভবন নির্মাণ করা হবে।