স্কুলের হীরক জয়ন্তীতে গাইবেন শাহনাজ বেলী
Printed Edition
বিনোদন প্রতিবেদক
আগামী ঈদের জন্য শুধু বিটিভির একটি অনুষ্ঠানেই গান গেয়েছেন শাহনাজ বেলী। গতকাল শনিবারই তিনি বিটিভির জন্য একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন, ইথুন বাবুর লেখা ও সুরে। এছাড়া আগামী ঈদকে কেন্দ্র করে আর কোনো টিভি শোতে এবার আর সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে না ফোক গানের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীকে। এর কারণ হিসেবে তিনি জানান, তিনি যে স্কুলে পড়াশুনা করেছেন সেই স্কুলের ৬০ বছর অর্থাৎ হীরক জয়ন্তী উপলক্ষে ঈদের পর দিন অনুষ্ঠিতব্য এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করতে হবে শাহনাজ বেলীকে। কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাহনাজ বেলী পড়াশুনা করেছেন। তাই সেই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সব শিক্ষার্থীর দাবি- তাদের প্রতিষ্ঠানের স্বনামধন্য সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী তাদের এই হীরক জয়ন্তীতে যেন সঙ্গীত পরিবেশন করেন। শাহনাজ বেলীও সে কারণে আগামী ঈদে কোনো টিভি চ্যানেলেই সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে পারছেন না। শাহনাজ বেলী বলেন, ‘যেহেতু আব্দালপুর স্কুলে পড়াশুনা করেছি আমি, তাই নিজের একান্ত ভালোলাগা থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী অনুষ্ঠানে গান গাইব। এর মধ্যে ঈদকে কেন্দ্র করে অনেকগুলো টিভি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাবও এসেছিল। কিন্তু আমি না করে দিয়েছি শুধু আমার স্কুলের কথা বিবেচনা করে। কারণ ঈদের পরপরই আমার স্কুলের হীরক জয়ন্তী অনুষ্ঠান। একজন সাবেক শিক্ষার্থী হিসেবেই আমি এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করব। আশা করছি আমাদের স্কুলের প্রিয় শিক্ষার্থীদের সাথে দেখা হবে। হীরক জয়ন্তী উৎসবের নেপথ্যে যারা আছেন তাদের সবার জন্য শুভ কামনা রইল।’ বেলীর গানে শুরুটা হয়েছে বাবার সাথে লালনের গান করার মধ্য দিয়ে। ১৯৮৯ এ প্রথম ঢাকায় অনুষ্ঠান করতে আসা তার। সেখান থেকে আনসার বাহিনীর অর্কেস্ট্রায় গান শেখার সুযোগ পান তিনি। নব্বইয়ের দশকে ঢাকায় এসে মঞ্চে গেয়ে গেয়ে প্রাথমিক পরিচিতি তৈরি হয় শাহনাজ বেলীর। তার প্রথম অ্যালবাম ‘একবার পাইলে’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এর পর থেকে এখন পর্যন্ত একক, ডুয়েট, মিক্সড মিলে শতাধিক অ্যালবামে গান গেয়েছেন তিনি। এ ছাড়াও কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে।