ইসির ব্যাখ্যা

মনোনয়নপত্রে নির্ভরশীলদের আয়কর তথ্য ঐচ্ছিক

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কিছু বিষয়ে স্পষ্টীকরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে বলা হয়েছে, হলফনামার ক্রমিক-১০-এ আয়কর সংক্রান্ত তথ্য সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে। গতকাল রোববার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। বিএনপির একটি প্রতিনিধিদল ইসিতে এসে সিইসির সাথে বৈঠক করে বিষয়টি জটিলতা সৃষ্টি করছে বলে জানালে ইসির এই উদ্যোগ।

ইসির মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কিছু বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে। তা হলো- হলফনামার ক্রমিক ৬ ও ৭-এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩ক) (চ) এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে।

উল্লিখিত হলফনামার ক্রমিক-১০-এ আয়কর সংক্রান্ত তথ্য সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গতকাল সকালে ইসিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আরপিও’তে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে সন্তানেরও আয়করের হিসাব দেয়ার বিষয়টি রাখা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে। কারণ অনেকের সন্তানেরা নিজেরাই উপার্জন ক্ষম এবং তারা নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স দেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি এবং কথা বললাম। প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে যারা ছিলেন, তারা বোঝাতে চেয়েছেন নির্ভরশীল সন্তানদের বুঝিয়েছেন। তারা এর ব্যাখ্যা দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান।